বেগম রোকেয়া পদকপ্রাপ্ত বরেণ্য সাহিত্যিক, মুক্তিযোদ্ধা শহীদজায়া মুশতারী শফী আর নেই। সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি... রাজিউন)। বেগম মুশতারী শফীর জামাতা আবদুল্লাহ জাফর দৈনিক অধিকারকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা জানান, শহীদজায়া মুশতারী শফী লাইফ সাপোর্টে ছিলেন। সোমবার বিকাল ৪টার দিকে তাঁর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।
মুশতারী শফী একাধারে নারীনেত্রী এবং উদীচী চট্টগ্রামের সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর খবরে সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৩৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন বেগম মুশতারী শফী। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সম্মুখ সারিতে ছিলেন তিনি। ’৬০-এর দশকে তিনি চট্টগ্রামে ‘বান্ধবী সংঘ’ নামের একটি নারী সংগঠন প্রতিষ্ঠা করেন। এছাড়া তাঁর সম্পাদনায় ‘বান্ধবী’ নামের একটি পত্রিকাও ছিল।
মুক্তিযুদ্ধের সূচনায় তাঁর চট্টগ্রামের বাসভবনেই হয়েছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা। বেতার কেন্দ্রের সংগঠক বেলাল মোহাম্মদ, আবুল কাশেম সন্দ্বীপসহ প্রগতিশীল নেতা এবং শিল্প-সংস্কৃতির ব্যক্তিত্বগণের কর্মকাণ্ড ছিল এই বাসাকে ঘিরে। মুক্তিযুদ্ধে তিনি হারান তাঁর স্বামী ডা. শফীকে। কিন্তু দমে যাননি এই মহীয়সী নারী।
মুশতারী শফী একজন সাহিত্যিকও। তাঁর রচিত গ্রন্থের মধ্যে ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’, ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী’ এবং ‘চিঠি, জাহানারা ইমামকে’ উল্লেখযোগ্য। এছাড়া তিনি লিখেছেন অনেক প্রবন্ধ, ভ্রমণকাহিনি, কিশোর গল্পগ্রন্থ এবং স্মৃতিচারণমূলক লেখা।
স্বাধীনতাযুদ্ধে অনন্য ভূমিকার জন্য ২০১৬ সালে বাংলা একাডেমি ফেলোশিপ অর্জন করেন মুশতারী শফী। ২০২০ সালে অর্জন করেন ‘রোকেয়া পদক’। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির একজন প্রথম সারির সংগঠক ও নেত্রী ছিলেন তিনি। পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত গণজাগরণ মঞ্চেও সক্রিয় ছিলেন তিনি।